যাত্রাবাড়ীতে স্ত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাতে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম শিরিন বেগম। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মঈনউদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) পুলিশ আটক করেছে।’

মঈনউদ্দিন জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের একটি বাসা থেকে শিরিন বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

শিরিনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে।

‘পুলিশ তার চার টুকরো মরদেহ উদ্ধার করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

মঈনউদ্দিন বলেন, এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‘ধারণা করা হচ্ছে, এটি হত্যার সম্ভাব্য কারণ,’ বলেন তিনি।

Related Articles

Latest Posts