মৌলভীবাজারে ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।  

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলাম (৩২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওই বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে থাকেন। মঙ্গলবার রাতে একদল ডাকাত বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সেসময় শব্দে ঘুম থেকে উঠে গিয়াস উদ্দিন চিৎকার শুরু করেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্ধকারে সেই গুলি ডাকাত দলের আরেক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ডাকাত দল পালিয়ে যায়।

ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ডাকাতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Latest Posts