বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার যে রেকর্ড মিরোস্লাভ ক্লোসা করেছিলেন, সেটি টিকে ছিল ১২ বছর। চলতি বিশ্বকাপে সেটিকে অতীত বানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। ক্লোসা নিজেই বলেছিলেন, কারোর কাছে যদি রেকর্ডটি হারাতেই হয় তবে সেটি মেসির কাছেই হারাতে চান তিনি। নিজের রেকর্ড যার কাছে খুইয়েছেন, সেই মেসির সাথেই এবার দীর্ঘ সময় ফোনে কথা বলে আপ্লুত বোধ করছেন ক্লোসা।
বর্তমানে নুরেমবার্গের কোচের দায়িত্ব পালন করা ক্লোসা ক্লাবের মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে নিজেই জানিয়েছেন এ কথা। জার্মান ঘরোয়া ফুটবল লিগ বুন্দেসলিগার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সাথে কথা বলানোর নেপথ্যে ছিলেন তার একসময়ের সতীর্থ ও বর্তমানে মেসির কোচ লিওনেল স্কালোনি।
ক্লোসা বলেছেন, ‘লিওনেল স্কালোনি লাৎসিওতে আমার সতীর্থ ছিলেন। আমাদের এখনো নিয়মিত যোগাযোগ হয়। আমার রেকর্ড ভাঙার পর স্কালোনিই মেসির সাথে আমার কথা বলিয়ে দিয়েছিলো। আমি বেশ আপ্লুত হয়েছিলাম’।
৪৮ বছর বয়সী ক্লোসাকে একটি বিশেষ উপহার পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন মেসি, ‘আমি ও মেসি কয়েকবার একে অপরকে মাঠে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি। আমাদের মধ্যে সবসময়ই পারস্পরিক সম্মানবোধ ছিল। তবে এবারই প্রথম মাঠের বাইরে আমরা এতক্ষণ কথা বলেছি। সে বলেছে আমাকে একটি অটোগ্রাফ সহ জার্সি পাঠাবে’।
আলজেরিয়ার বিপক্ষে ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন মেসি, আর অস্ট্রিয়ার বিপক্ষে তাকে ছাড়িয়ে যান। এরপর মেসিকে শুভেচ্ছা জানিয়ে ক্লোসা লিখেছিলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। শুভেচ্ছা, চ্যাম্পিয়ন!’

