মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে, সংসদে জানালেন স্পিকার

বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম মাসুদ।

এর পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘মির্জা আব্বাস আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। তিনি সুস্থ হলেই এখানে (সংসদে) আসবেন।’

এমপি শফিকুল ইসলাম মাসুদ আরও জানতে চেয়েছিলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যার বিচারককে কেন্দ্র করে (মির্জা আব্বাসকে নিয়ে) যে গুজব আছে, সেটি সম্পর্কে জানা প্রয়োজন।’

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গুজব, কে কী  বলেছে তা নিয়ে আদালতে নষ্ট করা যাবে না। আদালতে বিচারাধীন বিষয় ও গুজব সংসদের আলোচনার বিষয় হতে পারে না।’

‘আর কোনো সংসদ সদস্যের যদি সদস্যপদ চলে যায়, তা যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে,’ যোগ করেন তিনি।

গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আফরোজা আব্বাস সেদিন বলেছিলেন, ‘মির্জা আব্বাস অনেকটাই ভালো আছেন।  তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন তাকে থেরাপি দেওয়া হচ্ছে।’

গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে ফিজিওথেরাপির দেওয়ার জন্য মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

Related Articles

Latest Posts