রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হকাররা পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কয়েকটি গাড়িতে আগুন দিয়েছেন।
আজ বুধবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা এবং হকারদের দোকান উচ্ছেদে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এই উচ্ছেদ অভিযান চলাকালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে হকার ও সড়কের পাশের ব্যবসায়ীরা ডিএনসিসির তিনটি ময়লার গাড়িতে আগুন দেন। এ সময় একটি এক্সকাভেটর ও পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ডিএনসিসি। তবে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে শিগগির সাংবাদিকদের ব্রিফ করবেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

