‘মালিক’ সিনেমার লুক, ‘জ্যাজ সিটি’র প্রাপ্তি নিয়ে যা বললেন আরিফিন শুভ

আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ এবারের ঈদুল আজহায় দেশের ৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালো সাড়া পাচ্ছে। 

এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দর্শকদের অনেকেই শুভর অভিনয়, অ্যাকশন দৃশ্য, গেটআপ ও লুকের প্রশংসা করেছেন।

সাইফ চন্দন পরিচালিত এই সিনেমার প্রচারণা উপলক্ষে বিভিন্ন মাল্টিপ্লেক্সে দর্শক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেছেন আরিফিন শুভ।

সম্প্রতি ‘মালিক’ সিনেমার বিভিন্ন দিকের পাশাপাশি নিজের ক্যারিয়ার, অভিনয়জীবন ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে তিনি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন। পাঠকদের জন্য সেই আলাপচারিতার নির্বাচিত অংশ তুলে ধরা হলো।

দ্য ডেইলি স্টার: ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমা নিয়ে দর্শক কী বলছেন?  

আরিফিন শুভ: ঈদের সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, ‘মালিক’ সে ধরনেরই সিনেমা। এ সিনেমায় অ্যাকশন, প্রেম ও ফান— সবকিছু আছে। ঈদের জন্য একটা দারুণ সিনেমা। তাছাড়া, আমাকে এমন লুকে আগে কোনো সিনেমায় দেখা যায়নি। আশা করছি, সব ধরনের দর্শক উপভোগ করছেন সিনেমাটি।

দ্য ডেইলি স্টার: আপনার চরিত্র, লুক নিয়ে আলোচনা হচ্ছে। ‘মালিক’ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমার প্রস্তাব পেয়েছেন?

 

আরিফিন শুভ: শুধু এই সিনেমাই নয়, আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’ মুক্তির পর থেকেই অনেক নির্মাতা আগ্রহ প্রকাশ করেছেন আমাকে নিয়ে। বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে নতুন কাজের বিষয়ে। আশা করছি, কিছুদিনের মধ্যেই নতুন কাজের সংবাদ দিতে পারব।

‘জ্যাজ সিটি’ নিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। দেশ-বিদেশের অনেকেই আমার এই কাজের প্রাণখোলা প্রশংসা করেছেন। ‘জ্যাজ সিটি’-তে জিমি রয় চরিত্রটি তাদের মন জয় করেছে। এই কাজের জন্য অনেক পরিশ্রম করেছিলাম। এমন আরও কাজ করতে আমি আগ্রহী।

দ্য ডেইলি স্টার: নিজের অভিনীত সিনেমা ছাড়া ঈদের অন্য কোনো সিনেমা কি দেখেছেন?  

আরিফিন শুভ: নিজের সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত আছি। এইসব প্রচার-প্রচারণা শেষ হলে অন্য সিনেমাগুলো দেখার ইচ্ছে আছে। কারণ, আমি বিশ্বাস করি, একে অন্যের হাত ধরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আশা করছি, দ্রুত অন্য সিনেমাগুলো দেখে ফেলব।

দ্য ডেইলি স্টার: সিনেমার প্রচারণায় গিয়ে কী বুঝতে পারলেন?

আরিফিন শুভ: বুঝতে পারলাম প্রোপার সিনেমা বানালে মানুষ সিনেমা দেখে। এই যে আমার সিনেমাটা হাউজফুল গেছে। মানুষ সিনেমা দেখে তাদের ভালোলাগা-মন্দলাগা জানাচ্ছে। ভালো বাজেট পেলে আমাদের দেশের সিনেমা আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

দর্শক আসলে কী, কেমন সিনেমা পছন্দ করেন, কিছুটা হলেও জানা হয়েছে। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’ নামের ১০ পর্বের ওয়েব সিরিজ আর ‘মালিক’ সিনেমা একেবারে আলাদা জনরার প্রজেক্ট। কিন্তু আমার দুটি প্রজেক্ট নিয়ে মানুষ কথা বলছে। এটা সত্যিই আমার জন্য আনন্দের। ‘জ্যাজ সিটি’ নিয়ে আন্তর্জাতিক মিডিয়া অনেক প্রশংসা করেছে।  

 

দ্য ডেইলি স্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার একটি সাক্ষাৎকারের অংশবিশেষ নিয়ে কথা হচ্ছে। তা নিয়ে কী বলবেন?

আরিফিন শুভ: আমার কথা একই। এটা নিয়ে আগে যা বলেছি, এখনো সেটিই বলছি। অনেক জায়গায় কাজ করে নিজেকে প্রমাণ করেছি, আর প্রমাণ দেওয়ার মতো কিছু নেই। ২০০৪ সালে প্রথম ফ্যাশন শো দিয়ে শুরু আমার। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি— সবখানে কাজ করেছি। ফলটাও ভালো পেয়েছি।

নিজেকে প্রমাণ করার মতো কিছু আছে বলে আমি মনে করি না। তার কারণ, ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার মতো প্রেমের ছবিতে অভিনয় করেছি, ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মতো অ্যাকশন সিনেমা, আবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় সিক্সপ্যাক দেখিয়েছি। ‘আহারে’ সিনেমা মতো সিনেমায় কাজ করেছি। অন্যদিকে ‘জ্যাজ সিটি’ সিরিজে অভিনয় করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি। আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। সেখান থেকেই কথাটি বলা।

দ্য ডেইলি স্টার: নিজের প্রেম-বিয়ে নিয়ে কী বলবেন?  

আরিফিন শুভ: আমার এখন সারা দিনরাত প্রেম শুধুমাত্র কাজের সঙ্গে। এখানে কোনো ফাঁকি নেই। কাজের মাধ্যমেই প্রেমের প্রকাশ পাচ্ছে। আর যদি আমার ব্যক্তি জীবনের প্রেমের কথা বলেন তাহলে বলি, আমার প্রেমের পুরোনো ক্ষত এখনো রয়ে গেছে। তাই এইসব নিয়ে ভাবছি না। প্রেম-বিয়ে নিয়ে এখন ভাবনা নেই। 

Related Articles

Latest Posts