ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে।
এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রম্মপুত্র এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি।

