মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু প্রাণ হারিয়েছে। পরিসংখ্যান বলছে, মাসজুড়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।
এই বিভাগে মোট ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশন বিদায়ী মাসের দুর্ঘটনার এই চিত্র তুলে ধরে।
সংস্থাটির প্রতিবেদন অনুসারে, মার্চে পুরো দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত ও দুই হাজার ২২১ জন আহত। এর মধ্যে নারী ৬৬ জন। এসব দুর্ঘটনায় কেবল পথচারী মারা গেছেন ৭৯ জন।
এই সময়ে ১৪টি নৌ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু, ২৭ জন আহত ও তিনজন নিখোঁজ রয়েছেন। রেলপথে ৪৮টি দুর্ঘটনায় ৬৭ জনের প্রাণহানী ও ২২৪ জন আহত হয়েছেন।
দুর্ঘটনা নিয়ে কাজ করা এই সংস্থা জানিয়েছে, দেশের নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজপোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে তারা প্রতিবেদনটি প্রস্তুত করেছে।
তাদের মতে, সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছেন মোটরসাইকেলচালক ও আরোহীরা। সংখ্যার হিসাবে ২০৪ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি হয়েছে জাতীয় মহাসড়কে—১৭১টি। এছাড়া আঞ্চলিক সড়কে ২৬৪টি, গ্রামীণ সড়কে ৭০, শহরের সড়কে ৬২ ও অন্যান্য স্থানে নয়টি দুর্ঘটনার তথ্য তারা নথিভুক্ত করেছেন।
পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে (২৩ দশমিক ২৬ শতাংশ) ও দুপুরে (২২ দশমিক ৯২ শতাংশ)। অধিকাংশই নিয়ন্ত্রণ হারিয়ে, ২৩১টি বা ৪০ দশমিক ১০ শতাংশ।
সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। ২৭টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে সারা দেশে প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ।

