মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিক—শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার তাদের আদালতে হাজির করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একই টেলিভিশনের প্রধান প্রতিবেদক ছিলেন।

শ্যামল দত্তের আইনজীবী পলাশ চন্দ্র রায় ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন, তার মক্কেলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো উপাদান নেই—এই বিষয়টি বিবেচনা করার পরই যেন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে অভিযুক্তরা উসকানিমূলক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’ ও ‘রাজাকারের সন্তান’ বলে আখ্যায়িত করেন।

শিক্ষার্থীরা এই মন্তব্যকে অপমানজনক বলে মনে করেন এবং ওই রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রসিকিউশনের অভিযোগ, তৎকালীন ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ও যুবলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর পর শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়।

Related Articles

Latest Posts