মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত শিশুরা হলো–আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৭) ও শ্রীমঙ্গলের ভৈরব বাজারের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (১২)। তারা দুজন খালাতো ভাই। অনন্য দ্বিতীয় শ্রেণি ও দুর্জয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ইউপি সদস্য বাবুল আহমদ বলেন, অমল দাস পরিবার নিয়ে বড়লেখায় বসবাস করেন। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার পরিবারসহ আমতৈলে আসে দুই পরিবার।
বুধবার সকালে অনন্য ও দুর্জয় বাড়ির পাশের একটি কালভার্টের নিচে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে পানিতে তাদের ভাসতে দেখেন।
স্থানীয়রা শিশুদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রশাসনের অনুমতি নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের লাশ দাহ করা হয়েছে।

