সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আজ রোববার তাকে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করা হবে না। গেজেটটি আগামীকাল সোমবার প্রকাশ হতে পারে।
নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ এসব তথ্য জানিয়েছেন।
আজ রাত ৯টার দিকে জাতীয় সংসদে ৫০ সংরক্ষিত নারী আসনের জন্য ৪৯ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিচ্ছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাতের বিষয়ে জানতে চাইলে ইসি আবদুর রহমানেল মাছউদ বলেন, সাধারণত বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ হয়। কারণ তার পক্ষে বা বিপক্ষে আপিল করার সময় দিতে হবে। এরপর মনোনয়ন প্রত্যাহারের একটি সময় দিতে হবে।
তিনি বলেন, আজ আমরা আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সময় রেখেছি। সেজন্য আজ গেজেট প্রকাশ হচ্ছে না। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু গেজেট প্রকাশ হচ্ছে না, তাই আজ তিনি শপথ নিতে পারবেন না।
এনসিপির আরেক নেতা মনিরা শারমিনের আদালতের রিটের বিষয়ে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, তার রিটের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। তবে আগামীকাল গেজেট প্রকাশ হবে, সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে, তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ পদ মাত্র একটি।
‘এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বললেন, মনিরাকে রাখেন। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, কালকে গেজেট হয়ে যাবে।’
আদালত যদি মনিরা শারমিনের বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে চিঠি পাঠান, সে ক্ষেত্রে নুসরাতের গেজেট প্রকাশিত হলে তা আইন অনুযায়ী বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই বাতিল হয়ে যাবে। তখন দুইজন প্রার্থী হবেন। আমরা বলতে পারি, দুইজনের মধ্যে একজন, অথবা ভোটে চলে যাবে। জামায়াত জোট ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবে।
এদিকে আজ হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা রিটের রায় না আসা পর্যন্ত নুসরাতের গেজেট প্রকাশ না করতে ইসিকে চিঠি দিয়েছেন মনিরা শারমিন।
চিঠিতে মনিরা শারমিন জানান, তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন, যার শুনানি আগামীকাল। সে পর্যন্ত ইসিকে গেজেট না প্রকাশ করার অনুরোধ জানান মনিরা।

