ভিনিসিয়ুসকে মরিনহো বলেছিলেন, ‘যখন ছাড়বে, তখনই বুঝবে রিয়াল মাদ্রিদ আসলে কী’

ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ না ছাড়ার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির প্রধান কোচ জোসে মরিনহো। তার সফল মধ্যস্থতায় নতুন চুক্তি স্বাক্ষর করে রিয়ালে থেকে গেছেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। স্প্যানিশ টিভি শো এল চিরিংগিতোতে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুসকে রাজী করানোর সেই ঘটনা কথা প্রকাশ করেছেন এই পর্তুগিজ কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ শেষপর্যায়ে চলে এসেছিল। চুক্তি নবায়ন না হলে আগামী গ্রীষ্মে বিনামূল্যে (ফ্রি এজেন্ট হিসেবে) ক্লাব ছাড়ার সুযোগ পেতেন তিনি। পরিস্থিতি বুঝতে পেরে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালসহ বেশ কয়েকটি শীর্ষ ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে সব গুঞ্জন ও দীর্ঘ আলোচনার অবসান ঘটিয়ে চলতি মাসের শুরুর দিকে স্প্যানিশ পরাশক্তি রিয়ালের সঙ্গে নতুন করে ছয় বছরের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেন তিনি।

গত জুনে দ্বিতীয়বারের মতো রিয়ালের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করা মরিনহো ভিনিসিয়ুসকে মাদ্রিদে ধরে রাখার ক্ষেত্রে নিজের ভূমিকা নিয়ে কথা বলেছেন। দুজনের সেই কথোপকথন এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন তিনি, ‘ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের প্রেমে পড়ে গেছে। আমি তাকে কেবল একটি কথাই বলেছিলাম: “ভিনি, তুমি কোথায় যেতে চাও? তুমি শুধু ব্রাজিলে খেলেছ আর রিয়াল মাদ্রিদকে চিনেছ। তুমি কেবল তখনই রিয়াল মাদ্রিদকে অনুধাবন করতে পারবে, যখন তুমি এই ক্লাব ছেড়ে যাবে। যখন ছাড়বে, তখনই বুঝবে রিয়াল মাদ্রিদ আসলে কী। ছেড়ে যেয়ো না। কোনো লাভ হবে না।”’

সবশেষ স্বদেশি ক্লাব বেনফিকায় কোচিং করানো মরিনহো যোগ করেছেন, ‘আমার মনে হয়, আমরা যেভাবে একসাথে কাজ করে এই দলের উন্নতি ও বিকাশ অর্জন করছি, তা ভিনিসিয়ুসকে ভেতর থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করেছে।’

বেনফিকার দায়িত্বে থাকাকালে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মুখোমুখি হয়েছিলেন মরিনহো। নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। এতে প্রায় আট মিনিট খেলা বন্ধ ছিল। ওই সময়ে কোচ হিসেবে প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছিলেন মরিনহো। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা  প্রেস্তিয়ান্নিকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

মরিনহো নিজের অবস্থান পরিষ্কার করে এখন থেকে সবক্ষেত্রে ভিনিসিয়ুসের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, ‘প্রেস্তিয়ান্নি তখন আমার খেলোয়াড় ছিল। এটাই মূল কথা, এখানে কোনো বিতর্ক নেই। প্রেস্তিয়ান্নি যদি আমার খেলোয়াড় হয়, তবে ২০ জন আমার দিকে ধেয়ে আসলেও আমি আমার খেলোয়াড়ের পক্ষেই থাকব। ব্যস, গল্প শেষ।’

৬৩ বছর বয়সী এই অভিজ্ঞ ট্যাকটিশিয়ান যোগ করেছেন, ‘তবে আমি মনে করি, ভিনি এখন জানে যে আমি বর্তমানে কার পক্ষে আছি। সে আমার চোখের দিকে তাকিয়ে বিশ্বাস রাখতে পারে যে, আমি এখন থেকে তার পাশেই থাকব।’

Related Articles

Latest Posts