ভিডিও গেম থেকে পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট ২’

নব্বইয়ের দশকের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কম্ব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৯৫ সালে একই নামে একটি হলিউড সিনেমা মুক্তি পেয়েছিল। এর দুই বছর পর মুক্তি পায় এর সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’।

দীর্ঘ বিরতির পর ২০২১ সালে ‘মর্টাল কম্ব্যাট’ নামে যে ছবিটি মুক্তি পায়, তা দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে। এর ধারাবাহিকতায় দর্শকদের জন্য আবারও সুখবর নিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। সিনেমার সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট ২’ পর্দায় আসছে এবার।

আগামীকাল শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন ও ফ্যান্টাসিনির্ভর এই সিনেমাটি। একই দিনে স্টার সিনেপ্লেক্সের পর্দাতেও দেখা যাবে ‘মর্টাল কম্ব্যাট ২’।

আগের সিনেমার পরিচালক সাইমন ম্যাকোয়েডই এবারের সিক্যুয়েলটি পরিচালনা করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেন প্রমুখ।

পৃথিবী-রাজ্য এবং এর রক্ষকদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শাও কানের অন্ধকার শাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত ও রক্তাক্ত লড়াইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘মর্টাল কম্ব্যাট ২’।

Related Articles

Latest Posts