ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, ধসে পড়া ভবনে চাপা পড়ে ৬ জনের মৃত্যু

ভারতের মুম্বাই শহরের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের সময় কয়েকটি ভবন ধসে পড়লে ভবনগুলোর নিচে চাপা পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে পাঁচজনই শিশু।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের (৩.৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। কোনো কোনো এলাকায় ১৬১ মিলিমিটার (৬.৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে শহরের যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়ে যাওয়ায় মুম্বাইয়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতেই গতকাল রোববার প্রাণহানির এ ঘটনা ঘটল।

নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় একটি বস্তির দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ায় পাঁচ শিশু ও এক নারী নিহত হন।

ভারী বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতেও ভূমিধসের ঘটনা ঘটে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হয়।

বৃষ্টির কারণে উড়োজাহাজ চলাচলও ব্যাহত হয়েছে। মুম্বাই-পুনে দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে।

Related Articles

Latest Posts