ভারতের বিপক্ষে শুরুর একাদশ থেকে বাদ পড়তে পারেন আফঈদা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বড় পরিবর্তনের আভাস মিলেছে। মালদ্বীপকে ৪-২ গোলে হারানো ম্যাচের একাদশে অন্তত দুটি পরিবর্তন আনতে পারেন প্রধান কোচ পিটার বাটলার। আর সেই পরিবর্তনের অন্যতম শিকার হতে পারেন ডিফেন্ডার আফঈদা খন্দকার।

টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়কের দায়িত্ব হারানো আফঈদার জন্য এটি হতে পারে আরেকটি বড় ধাক্কা। সবকিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে তাকে বেঞ্চে বসেই ম্যাচ শুরু করতে হতে পারে।

২০২৩ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন সাতক্ষীরার এই ফুটবলার। অভিষেকের পর টানা ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ১৪ ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন।

জাতীয় দলের ক্যাম্পে অস্থিরতার পর দীর্ঘদিন ধরে দলে না থাকা আখি খাতুন এবং অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীনের অনুপস্থিতিতে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আফঈদা। কখনও নাবিরন খাতুন, কখনও সুরমা জান্নাতের সঙ্গে জুটি গড়ে সেন্টার-ব্যাক হিসেবে খেলেছেন তিনি। তার উপস্থিতির কারণে অভিজ্ঞ শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়রকে ফুল-ব্যাক পজিশনে ব্যবহার করার সুযোগ পেয়েছিল দল।

তবে সাম্প্রতিক সময়ে আফঈদার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হাইলাইন ডিফেন্সিভ লাইন ধরে খেলার সময় বাংলাদেশের রক্ষণভাগ বারবার চাপে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচেও একটি পাল্টা আক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় প্রতিপক্ষের দ্বিতীয় গোলের জন্য তাকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে। সেই কারণেই ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখার চিন্তা করছেন কোচিং স্টাফ।

এর ইঙ্গিত মিলেছে দলের সর্বশেষ অনুশীলনেও। ডন বস্কো মাঠে অনুষ্ঠিত শেষ প্রস্তুতি সেশনে বাটলারের সম্ভাব্য প্রথম একাদশে দেখা যায়নি আফঈদাকে। তার পরিবর্তে সেন্টার-ব্যাক পজিশনে খেলতে দেখা গেছে সুরমা জান্নাতকে, যা রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে খেলা সব আন্তর্জাতিক ও ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচেই মাঠে নামা আফঈদা এখন কঠিন এক চ্যালেঞ্জের মুখে। ভারতের বিপক্ষে যদি সত্যিই একাদশের বাইরে থাকতে হয়, তবে জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধারের লড়াইও শুরু করতে হবে তাকে।

 

Related Articles

Latest Posts