ভারতের বিপক্ষে ‘ফাইনাল-জুজু’ কি কাটাতে পারবে বাংলাদেশ?

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ যখন ভারত, তখন বাংলাদেশের জন্য দুশ্চিন্তারই বটে। কারণ জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক, যেকোনো পর্যায়ের ফাইনালেই ভারতের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। আজ কি কাটবে ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ‘ফাইনাল-জুজু’?

মালদ্বীপের মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আজ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে। ফুটবলপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন ‘স্পোর্টসওয়ার্কস’ (Sportzworkz)-এর ইউটিউব চ্যানেলে।

মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের জন্য একেবারেই স্বস্তিদায়ক নয়। ইতিহাস বলছে, সাফের যেকোনো পর্যায়ের ফাইনালে ভারতের বিপক্ষে আজ পর্যন্ত জয়ের মুখ দেখেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

জাতীয় দলের পরিসংখ্যানে তাকালে দেখা যায়, ১৯৯৯ এবং ২০০৫ সালের ফাইনালে ভারতের কাছে হেরেই শিরোপা খুইয়েছিল তারা। বয়সভিত্তিক দলগুলোর চিত্রও অভিন্ন; ২০১৯ সালের অনূর্ধ্ব-১৮, ২০২২ সালের অনূর্ধ্ব-২০ এবং সবশেষ ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালেও এই ভারতের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের।

তবে অতীতের এই একপেশে পরিসংখ্যানের ভিড়েও আজকের ফাইনালে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজতে পারে এবারের আসরের গ্রুপ পর্ব থেকে। চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই ভারতের সঙ্গেই চোখে চোখ রেখে লড়াই করে ১-১ গোলে ড্র করেছিল যুবারা।

ফাইনালে ওঠার পথে দুই দলই দেখিয়েছে দাপট। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ, অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে ভারত পেয়েছিল ৩-০ গোলের দাপুটে জয়। এরপর সেমিফাইনালে নেপালকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। আর দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার মঞ্চে পা রাখে ভারত।

সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে ভারত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। বর্তমান চ্যাম্পিয়নরা রেকর্ড চারবার এই আসরের শিরোপা ঘরে তুলেছে। অন্যদিকে, বাংলাদেশের একমাত্র শিরোপাটি এসেছিল ২০২৪ সালে।

Related Articles

Latest Posts