ভারতের সঙ্গে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ফিন অ্যালেন, লকি ফার্গুসন এবং টিম সাইফার্টকে স্কোয়াডে ফিরিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। সফরের শুরুতে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে কাঁধের চোটের কারণে বাদ পড়া রাচিন রবীন্দ্রও ওডিআই দলে ফিরছেন।
৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হতে যাওয়া এই পাঁচ ম্যাচের সিরিজের জন্য আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড—প্রথম তিনটি ম্যাচের জন্য একটি এবং শেষ দুটি ম্যাচের জন্য অন্যটি। সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার উভয় স্কোয়াডকেই নেতৃত্ব দেবেন। পরবর্তী টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে স্কোয়াডের একটি অংশ ওয়েলিংটনে চলে যাবে, তাই চতুর্থ ও পঞ্চম ওডিআইয়ের জন্য দলে নতুন করে সাতজন খেলোয়াড় যোগ দেবেন।
অ্যালেন এবং ফার্গুসন শেষবার ২০২৩ সালে ওডিআই খেলেছিলেন, যেখানে ফার্গুসনের সর্বশেষ ম্যাচটি ছিল মুম্বাইতে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল। অন্যদিকে সাইফার্টের শেষ ওয়ানডে উপস্থিতি ছিল ১৮ মাস আগে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে সিরিজে। এই তিনজন খেলোয়াড়ই সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে দলে ফিরবেন।
কাঁধের চোটের কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে যাওয়া রবীন্দ্রকে প্রথম তিনটি ওডিআইয়ের স্কোয়াডে রাখা হয়েছে। দলটিতে মূলত সেই মূল খেলোয়াড়দেরই রাখা হয়েছে, যারা গত জানুয়ারিতে ভারতে গিয়ে ইতিহাস গড়ে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতেছিল—যা ভারতীয় মাটিতে নিউজিল্যান্ডের প্রথম দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জয়।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার শেষ দুটি ম্যাচের জন্য ওডিআই স্কোয়াডের সঙ্গেই থাকবেন এবং তার সহকারী হিসেবে থাকবেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের পুরুষ দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ কোরি মাইলস।
ওয়াল্টার মনে করেন, ২০২৭ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের জন্য নিজেদের বিকল্পগুলো পরখ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ, ‘ওডিআই বিশ্বকাপ মাত্র এক বছর দূরে থাকায় ওই টুর্নামেন্টের মূল্যবান প্রস্তুতি হিসেবেও এই ম্যাচগুলোকে দেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ ওডিআইগুলোর জন্য সাতজন খেলোয়াড়কে দলে আনার মাধ্যমে আমাদের দলের গভীরতা পরীক্ষা করার এবং একটি বিশ্বমানের দলের বিরুদ্ধে সেই খেলোয়াড়রা কেমন করে তা দেখার সুযোগ মিলবে।’
১-৩ ওডিআইয়ের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
৪ ও ৫ ওডিআইয়ের জন্য স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

