ব্রেক্সিটে ‘ভালোর চেয়ে মন্দ বেশি’, ইইউতে ফিরতে পারে যুক্তরাজ্য: বার্নাম

ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্কের উন্নয়ন নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম।

বার্নামের মতে, এ ধরনের উদ্যোগের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে আবারও যোগ দেওয়াও একটি সম্ভাব্য বিকল্প হতে পারে।

আজ বুধবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন লেবার পার্টির এই নেতা।

তিনি মত দেন, ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে আসার সিদ্ধান্তে ‘ভালোর চেয়ে মন্দ হয়েছে বেশি’।

বার্নাম জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘ভাঙা সম্পর্ক’ জোড়া দিতে কী কী করা সম্ভব, তা খতিয়ে দেখতে চান তিনি।

মঙ্গলবার লেবার পার্টির সম্মেলনে দেওয়া ভাষণে তিনি ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও অঙ্গীকার করেন। বছরের শেষ দিকে ইইউর সম্মেলনে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের আবারও ইইউতে ফেরার আলোচনা আগামী নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

কনজারভেটিভ পার্টির অভিযোগ, বার্নাম ব্রেক্সিটের বিতর্ক উসকে দিয়ে আবারও ‘পুরনো ক্ষত জাগিয়ে তুলছেন’।

Related Articles

Latest Posts