ব্রাজিল ম্যাচেও থাকছেন না ‘জাপানিজ মেসি’

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেয়েছে জাপান। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলটি তাদের তারকা উইঙ্গার ‘জাপানিজ মেসি’ হিসেবে খ্যাত তাকেফুসা কুবোকে এই ম্যাচেও পাচ্ছে না। 

জাপানের কোচ হাজিমে মোরিয়াসু নিজেই এই খবর নিশ্চিত করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান কুবো। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও কুবোকে পায়নি জাপান। 

ব্রাজিল ম্যাচের আগে ২৫ বছর বয়সী এই উইঙ্গার আলাদাভাবে অনুশীলন করলেও কোচ মোরিয়াসু নিশ্চিত করেছেন, ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই কুবোর, ‘সে এখনো একা একা দৌড়াচ্ছে ও অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলছে না। আমরা আশাবাদী দ্রত তাকে আবার দলে ফিরে পাব’। 

ব্রাজিলকে সমীহ করলেও নিজেদের সম্ভাবনা খারিজ করে দিতে নারাজ মোরিয়াসু, ‘ব্রাজিল সবসময়ই শীর্ষ দলগুলোর মধ্যে একটি। তাদের জেতার খুব ভালো সুযোগ আছে। কিছু মানুষ বলবে এই ম্যাচে জাপান আন্ডারডগ। আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব’। 

গত বছর টোকিওতে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। সেটি থেকে অনুপ্রাণিত হয়ে এই ম্যাচেও ভালো কিছুর আশায় আছেন মোরিয়াসু, ‘আমরা অবশ্যই প্রতিপক্ষকে সম্মান করব। কিন্তু গত বছর ম্যাচের আগে কেউই আমাদের জেতার সম্ভাবনা দেখেননি। আমরা ইতিহাস পাল্টে দিতেও পারি’। 

 

Related Articles

Latest Posts