মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত শুরু হয়নি। জয় তো দূরের কথা, বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে ড্র দিয়ে। ফলে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের সামনে এখন একটাই লক্ষ্য, ঘুরে দাঁড়ানো। আর সেই মিশনে কার্লো আনচেলত্তি একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হেরে পয়েন্টশূন্য রয়েছে হাইতি। ফলে দুই দলের কাছেই ম্যাচটির গুরুত্ব অনেক।
বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দারুণ ছন্দে ছিল ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২, ক্রোয়েশিয়াকে ৩-১ এবং মিশরকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ওই সময়ে একমাত্র হার ছিল ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে।
তবে বিশ্বকাপের মঞ্চে এখনও নিজেদের সেরা রূপ দেখাতে পারেনি দলটি। তাই হাইতির বিপক্ষে নতুন কিছু চেষ্টা করতে পারেন আনচেলত্তি। বিশেষ করে আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা বেশি।
চোটের কারণে এখনও মাঠে ফিরতে পারছেন না নেইমার। ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, দলের সঙ্গে ভ্রমণ না করে অনুশীলন কেন্দ্রেই থাকছেন এই তারকা। ফলে হাইতির বিপক্ষেও তাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে।
নেইমারের অনুপস্থিতিতে আক্রমণের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যেতে পারে মাতাইস কুনিয়াকে। দুই প্রান্তে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। গতি, ড্রিবলিং এবং সৃজনশীলতায় প্রতিপক্ষ রক্ষণভাগকে চাপে রাখার দায়িত্ব থাকবে তাদের কাঁধে।
তরুণ তারকা এন্দ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও ম্যাচে দেখা যেতে পারে। যদিও শুরু থেকে নয়, বেঞ্চ থেকে নেমে ম্যাচের শেষ দিকে দলের আক্রমণে নতুন গতি যোগ করার সম্ভাবনাই বেশি।
মাঝমাঠেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। মরক্কোর বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে না পারা কাসেমিরোকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ব্রুনো গিমারায়েসের সঙ্গে জুটি বাঁধতে পারেন ফাবিনিও।
রক্ষণভাগে অবশ্য বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টে থাকবেন অ্যালিসন। তার সামনে মারকিনিওস ও গ্যাব্রিয়েলের জুটির ওপরই ভরসা রাখছেন আনচেলত্তি। প্রথম ম্যাচে রক্ষণে কিছু দুর্বলতা দেখা গেলেও হাইতির বিপক্ষে ক্লিন শিট ধরে রাখাই হবে তাদের অন্যতম লক্ষ্য।
সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল, সান্তোস; ফাবিনিও, ব্রুনো গিমারেস; রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; মাতাইস কুনিয়া।

