বেতন না পাওয়া ও জীবন নিয়ে ‘ভয়ে’ থাকার অভিযোগ ব্রিটিশ কোচের, কী বলছেন বাফুফে সভাপতি?

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স ফেসবুক পোস্টে বিস্ফোরক অভিযোগ করেছেন। তার দাবি, এখনো বেতন দেওয়া হয়নি তাকে এবং বর্তমান পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে আছেন তিনি। ব্রিটিশ এই কোচের ফেসবুক পোস্টকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়ে নিজেদের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

আগামী এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে গত মাস থেকে যশোরের সামসুল হুদা ফুটবল একাডেমিতে দলকে অনুশীলন করাচ্ছেন জোন্স। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের এই দুর্ভোগের কথা তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে ব্রিটিশ কোচ লেখেন, ‘মন খুব খারাপ। নিজের নিরাপত্তা এবং পরিবারের কথা ভেবে চিন্তায় আছি। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা হজম করা কঠিন।’

‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই, আর পরিবারকে খাবার কেনার জন্য দেশে টাকা পাঠাতে পারছি না।’

জীবন নিয়ে শঙ্কিত হওয়ার কথা জানিয়ে জোন্স লেখেন, ‘আমি নিজের জীবন নিয়ে ভয়ে ও আতঙ্কে আছি।’

পোস্টটি নিজের নজরে আসার কথা জানিয়ে তাবিথ আউয়াল বলেন, জোন্স পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছেন। দ্য ডেইলি স্টারকে পাঠানো এক খুদে বার্তায় বাফুফে সভাপতি বলেন, ‘পোস্টটি দেখেছি। এটি দুঃখজনক, তবে বাকস্বাধীনতার প্রতি আমাকে শ্রদ্ধা জানাতেই হবে। পুরো বিষয়টিকে তিনি ভুলভাবে উপস্থাপন করায় ঘটনাটি দুর্ভাগ্যজনক রূপ নিয়েছে। যাই হোক, দ্রুতই এর সমাধান হচ্ছে।’

নিরাপত্তা নিয়ে জোন্সের আশঙ্কার বিষয়ে বাফুফে কোনো পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে তাবিথ আউয়াল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ফেডারেশন সাড়া দেবে না। না, আমরা তার পোস্টটি এড়িয়ে চলব। তার কোনো উদ্বেগ থাকলে তিনি সরাসরি আমাদের জানাতে পারেন।’

অন্যদিকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসান দাবি করেছেন, চুক্তি অনুযায়ী কোচের বেতন পরিশোধ করে দিয়েছে ফেডারেশন, ‘চুক্তি মেনে ১০ আগস্টের মধ্যেই তার অ্যাকাউন্টে বেতন জমা করে দেওয়া হয়েছে। বেতনের কর জমা দিয়ে সেই কাগজপত্র কোচের কাছে হস্তান্তরের অপেক্ষায় ছিলাম। তবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর দায়িত্ব বাফুফের নয়, সেটা জোন্সের নিজের কাজ।’

ইমরান হাসানের দেওয়া তথ্যানুযায়ী, বাফুফে বেতন আটকে রাখেনি; বরং টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

বর্তমানে লেনদেন সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ঢাকায় অবস্থান করছেন কোচ জেরার্ড জোন্স।

 

Related Articles

Latest Posts