বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে ইরানি তারকা ভাফায়েইর চমক

চলমান বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বড় অঘটনটি ঘটালেন ইরানের হোসেইন ভাফায়েই। সোমবার ক্রুসিবল থিয়েটারে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ ফ্রেমের ফয়সালায় তিনি চমক জাগিয়ে বিশ্বের এক নম্বর তারকা জুড ট্রাম্পকে হারালেন।

কোয়ালিফায়ার হিসেবে আসা ভাফায়েই ২৫তম ফ্রেমে ইস্পাতকঠিন স্নায়ুর পরিচয় দিয়ে ৯১ পয়েন্টের একটি ব্রেক তৈরি করেন। শেষ পর্যন্ত ১৩-১২ ব্যবধানে জয় নিশ্চিত করে তিনি প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাম লেখান।

২০১৯ সালের শিরোপাধারী ট্রাম্প শুরুতে ১০-৭ এবং পরবর্তীতে ১২-১১ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে পারেননি। ভাফায়েই একশ পয়েন্টের একটি ব্রেক করে ম্যাচে ১২-১২ ব্যবধানে সমতা ফেরান। যদিও নির্ধারণী ফ্রেমে ট্রাম্প ম্যাচ জেতার প্রথম সুযোগটি পেয়েছিলেন, তবুও ভাফায়েই দমে যাননি।

ব্রিটিশ তারকা ট্রাম্প পজিশন হারানোর পর একটি দুর্বল ‘সেফটি শট’ খেলার মাশুল দেন। সেই সুযোগটিই লুফে নেন ভাফায়েই। ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল এই ইরানিকে উষ্ণ অভিনন্দন জানান ট্রাম্প। পাশাপাশি উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন ভাফায়েইকে। মজার ব্যাপার হলো, ৩১ বছর বয়সী এই তারকা ২০২২ সালে ক্রুসিবল থিয়েটারে নিজের অভিষেকে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন।

উচ্ছ্বসিত ভাফায়েই ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেন, ‘সে (ট্রাম্প) অত্যন্ত কঠিন একজন প্রতিপক্ষ। টেবিলের ভেতরে এবং বাইরে আমি তাকে শ্রদ্ধা করি। গতকালের চেয়ে আজ আমি ভালো খেলেছি এবং আগের চেয়ে পরিস্থিতি ভালোভাবে সামলেছি।’

তিনি যোগ করেন, ‘আমি নিজেকে বলেছিলাম, “যদি এই টুর্নামেন্টটি আমার হয়ে থাকে, তবে জয় আসবেই।” আমি নিজের মানসিক দিকটি নিয়ে কাজ করছি। আমি শান্ত থেকে পারফর্ম করতে চেয়েছি। মাঝে মাঝে মুখ বন্ধ রেখে খেলা দিয়ে জবাব দেওয়াটাই শ্রেয়!’

টুর্নামেন্ট শুরুর আগে ইরানের একমাত্র পেশাদার স্নুকার খেলোয়াড় ভাফায়েই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য ‘খুবই কঠিন’ ছিল।

প্রথম রাউন্ডে চীনের সি জিয়াহুইকে হারানোর আগে ভাফায়েই বলেছিলেন, ‘আমি আমার দেশের জন্য এবং আমার পরিবারের জন্য লড়ছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়ে যাব।’

Related Articles

Latest Posts