বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে ফিফার সরে দাঁড়ানোর ঘটনাপ্রবাহ

ব্যাপক বিরোধিতার মুখে বিশ্বকাপসহ ফুটবল প্রতিযোগিতাগুলোর স্বত্ব (শেয়ার) বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছে ফিফা। শনিবার তাদের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এই প্রকল্প ফুটবলে ‘বিভাজন তৈরি করেছে’, যা এর মূল লক্ষ্যের পরিপন্থী। ফলশ্রুতিতে এই প্রস্তাব নিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর অগ্রসর হচ্ছে না।

মাত্র ছয় দিনের ব্যবধানে কীভাবে বিশ্ব ফুটবলে এই নাটকীয় পরিস্থিতি তৈরি হলো এবং শেষ পর্যন্ত ফিফা সভাপতিকে পিছু হটতে হলো, চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই ঘটনাপ্রবাহ:

২৭ জুলাই, সোমবার

* ফিফা সভাপতি ইনফান্তিনো তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে ১৫টি স্লাইডের একটি পোস্টে সমালোচকদের উদ্দেশে বলেন, তার নেতৃত্ব নিয়ে ‘ঘৃণা ও মিথ্যা গুজব’ না ছড়িয়ে তারা যেন ‘ধ্যান করেন, প্রার্থনা করেন বা ফুটবল ম্যাচ দেখেন’।

২৮ জুলাই, মঙ্গলবার

* দ্য টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস প্রতিবেদন প্রকাশ করে যে, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছেন ইনফান্তিনো।

* ইউরোপের ফুটবল অভিভাবক সংস্থা উয়েফা তাদের প্রথম বিবৃতিতে জানায়, ফুটবল ‘ফিফার বিক্রির সম্পত্তি নয়’ এবং তারা ফিফাকে ‘সীমা অতিক্রম করার’ দায়ে অভিযুক্ত করে।

* পরবর্তীতে ফিফা এক বিবৃতিতে তাদের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে।

২৯ জুলাই, বুধবার

* ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানান, তারা এই পরিকল্পনা সমর্থন করলে প্রত্যেকে ৪ কোটি ডলার করে পাবে। তবে প্রাথমিক ২ কোটি ডলার পেতে হলে তাদেরকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অবস্থান জানাতে হবে।

* উয়েফা জবাব দেয়, ফিফা নিজেদের ও তাদের বন্ধুদের পকেট ভারী করতে ‘আমাদের খেলাটিকে ব্যবহার করতে পারে না’।

৩০ জুলাই, বৃহস্পতিবার

* উয়েফার ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, ইনফান্তিনোর পরিকল্পনা বাস্তবায়িত হলে তারা বিশ্বকাপ বয়কট করবে।

* তাদের প্রতি সংহতি জানিয়ে এরপর উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ জানায়, তাদের ৪১টি সদস্যও এই প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ করেছে।

৩১ জুলাই, শুক্রবার

* সমালোচনা ও বিরোধিতা সত্ত্বেও ফিফা জোর দিয়ে বলে যে ‘কেউ ফুটবল বিক্রি করছে না’ এবং তারা পরিকল্পনাটি নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

* এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায়, তারা উয়েফা ও কনকাকাফের সাথে ‘একাত্মতা প্রকাশ করে’। তবে তারা ইনফান্তিনোর প্রস্তাব সম্মিলিতভাবে সরাসরি প্রত্যাখ্যান করা থেকে বিরত থাকে।

* এদিকে, ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করদেইরো পদত্যাগ করেন। তিনি এই প্রস্তাবকে ‘ফুটবলের জন্য একটি বাজে চুক্তি’ হিসেবে আখ্যা দেন, যা ‘ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখবে’।

* যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মন্তব্য করেন, ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ‘ভুল ব্যক্তি’।

* এরপর ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামুর জানান, এই প্রকল্প সম্পর্কে খোদ ফিফার প্রশাসনকেই ‘প্রতারিত’ করা হয়েছে।

১ আগস্ট, শনিবার

* অবশেষে বিভিন্ন মহলের প্রবল চাপের মুখে শনিবার এক বিবৃতির মাধ্যমে ইনফান্তিনো নিশ্চিত করেন যে, এই পরিকল্পনাটি আর সামনে এগোবে না।

Related Articles

Latest Posts