বার্সেলোনার ডাক পেয়েও কেন ইন্টার ছাড়েননি লাউতারো

বার্সেলোনার আগ্রহ নিয়ে এতদিন যে গুঞ্জন চলছিল, এবার সেটিই সত্যি বলে নিশ্চিত করলেন লাউতারো মার্তিনেজ। তবে ইউরোপের অন্যতম বড় ক্লাবের ডাক পেলেও ইন্টার মিলান ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। শেষ পর্যন্ত বার্সেলোনার আগ্রহ উপেক্ষা করে সান সিরোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার অধিনায়ক।

সর্বশেষ দলবদলের মৌসুমে বার্সেলোনার অন্যতম লক্ষ্য ছিলেন হুলিয়ান আলভারেজ। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলভারেজকে নিয়ে আলোচনা এগোয়নি। এরপর বিকল্প হিসেবে লাউতারোকে নিয়ে ভাবতে শুরু করে কাতালান ক্লাবটি। তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও করেছিল বার্সেলোনা।

ইতালির সংবাদমাধ্যম ‘স্কাই ইতালিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গুঞ্জনগুলো সত্যি ছিল। এসব প্রস্তাব ও ফোনকল যখন আসে, তখন ভালোই লাগে। কারণ আপনি সবসময়ই শীর্ষ পর্যায়ে থাকার জন্য কাজ করেন। কিন্তু আমার ইচ্ছার ব্যাপারে আমি খুবই পরিষ্কার ছিলাম। আমি এখানে আমার সতীর্থদের সঙ্গে এবং এই অসাধারণ সমর্থকদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।’

ইন্টারের হয়ে দীর্ঘদিন ধরে খেলতে খেলতে ক্লাবটির সঙ্গে লাউতারোর সম্পর্কটা কেবল পেশাদার পর্যায়ে আটকে নেই। সমর্থকদের সঙ্গেও তৈরি হয়েছে তার গভীর বন্ধন। তাই বার্সেলোনার মতো ক্লাবের আগ্রহ এলেও ইন্টার ছাড়ার চিন্তা করেননি ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বরং ইন্টারেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি, ‘আমি চিরকাল এখানেই থাকতে চাই। যতদিন তারা আমাকে চায়, ততদিন আমি এখানেই থাকব।’

তবে ফুটবলের বাস্তবতাটাও ভালোভাবেই জানেন লাউতারো। তাই পরের কথাতেই যোগ করেছেন, ‘কিন্তু আমরা সবাই জানি, এই ব্যবসাটা কীভাবে চলে। যখন আপনি আর কাজে আসেন না, তখন তারা আপনাকে ছেড়ে দেয়।’

ইন্টারের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘ইন্টার আমার কাছে সবকিছু। গর্ব, আনন্দ এবং সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা। আমি আবারও এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারের হয়ে বড় কিছু অর্জন করতে চাই।’

মাঠেও নিজের সিদ্ধান্তের যথার্থতা দেখিয়ে যাচ্ছেন লাউতারো। সর্বশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করেছেন তিনি। তার পারফরম্যান্সে ভর করে ইন্টার জিতেছে ইতালিয়ান লিগের শিরোপা। একই সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের জায়গা আরও শক্ত করেছেন তিনি।

ইন্টারের হয়ে নিজের ক্যারিয়ারের এই পর্যায়ে পৌঁছাতে পারবেন একসময় সেটি ভাবতেও পারেননি লাউতারো, ‘ইন্টারের সঙ্গে ক্যারিয়ারে এত দূর আসতে পারব, নিজের সব লক্ষ্য অর্জন করতে পারব, আমি কখনো ভাবিনি। এটা আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এটাই আমার মানসিকতা। প্রতিটি অনুশীলনে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।’

ফুটবলে ভবিষ্যৎ কী নিয়ে আসবে, সেটি কেউ জানে না বলেও স্বীকার করেছেন তিনি, ‘ফুটবলে কখন কী হবে, আপনি কখনোই জানেন না। কিন্তু এই মুহূর্তে আমার চুক্তি আছে, আমি সুখী। আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এখানে আমি ভালো আছি এবং ইন্টারের হয়ে বড় কিছু করতে চাই।’

উল্লেখ্য, ইন্টারের সঙ্গে লাউতারোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। 

Related Articles

Latest Posts