ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ব্যারেজের সব গেট খুলে দিলে ভাটিতে পানির প্রবাহ বাড়বে এবং বিহারে গঙ্গার পানির চাপ কিছুটা কমতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গত রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অনুরোধ জানান সম্রাট। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি জানান তিনি।
বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, গঙ্গার পানি বেড়ে যাওয়ায় বিহারের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় ফারাক্কা খুলে দিলে নদীর পানি দ্রুত প্রবাহিত হতে পারবে এবং পানির চাপ কমানো সম্ভব হবে।
সম্রাট জানিয়েছেন, তার অনুরোধের বিষয়টি দ্রুত বিবেচনা করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিহারের এই অনুরোধ এমন এক সময়ে সামনে এলো, যখন ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে।
ফারাক্কা ব্যারেজে গঙ্গার শুষ্ক মৌসুমের পানি বণ্টন নিয়ে করা এই চুক্তির ৩০ বছরের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ফারাক্কাকে ঘিরে ভারতে আলোচনা জোরালো হয়েছে। এ অবস্থায় ভবিষ্যতের পানি বণ্টন ব্যবস্থায় বিহারের স্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছেন রাজ্যটির নেতারা।
বিহারে এবার স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হয়েছে। তারপরও রাজ্যের কয়েকটি এলাকায় গঙ্গার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সরকারি তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাটনা ও বক্সারসহ কয়েকটি এলাকায় গঙ্গার পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

