গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাউল আবুল সরকার।
আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে তিনি কারাগার থেকে বাইরে আসেন। পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার আবুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বলেন, ‘জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ৬ এপ্রিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে অংশ নেন আবুল সরকার। সেখানে তার পরিবেশনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ এ বাউলশিল্পীর বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় ১৯ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তখন থেকে তিনি কারাগারে ছিলেন।

