প্রশ্নটা শুনে জশ ইংলিস মুখে হালকা হাসি চেপে এক মুহুর্ত তাকালেন, তারপর চিরায়ত অস্ট্রেলিয়ান মেজাজে দিলেন জবাব। সেরা পেস আক্রমণ ছাড়া খেলতে এসেও বাংলাদেশের পেসারদের এগিয়ে রাখার প্রশ্নে একমত হতে চাইলেন না তিনি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স কিংবাজশ হ্যাজলউডের মতো পেসার। ন্যাথান এলিস, বেন ডোয়ারশুইস, জ্যাভিয়ের বার্টলেট আর পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিনদের নিয়ে পেস আক্রমণ অজিদের।
অন্য দিকে ঘরের মাঠে ছন্দে থাকা নিজেদের সেরা পেস আক্রমণে বাংলাদেশ পাচ্ছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলামদের। সাম্প্রতিক ছন্দ আর ঘরের মাঠের কন্ডিশন বিচারে বাংলাদেশের পেস ইউনিটই সিরিজে এগিয়ে থাকবে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ইংলিসকে।
প্রতিপক্ষকে মনস্ত্বাত্ত্বিক সুবিধা না দেওয়ার ধরনে অটুট থাকা অস্ট্রেলিয়ান মানসিকতার প্রকাশ ঘটিয়ে জবাব দেন তিনি, ‘আমার মনে হয়, সিরিজটি শেষ হওয়ার পর আমরা তা জানতে পারব।’
তাদের স্কোয়াডে বড় তারকারা না থাকলেও যারা আছেন তাদের নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার কথা বললেন তিনি, ‘অবশ্যই আমাদের স্কোয়াড থেকে বড় কিছু ক্রিকেটার নেই, তবে আমি মনে করি যারা গত দু-এক বছর ধরে প্রচুর খেলছে—যেমন ন্যাথান এলিস, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস—এই স্তরে তাদের এখন বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। তারা অত্যন্ত সম্ভাবনাময় এবং এই সিরিজে তারা কী করতে পারে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।’
এর আগে বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানার সামনে পড়েনি অস্ট্রেলিয়া। তবে এই তরুনের কথা শুনেছে তারা। ইংলিস নাহিদদের প্রতি সমীহ দেখালেন, ‘আমি তাকে খুব বেশি দেখিনি, তবে যতটুকু দেখেছি, তাকে একজন সত্যিই ভালো বোলার এবং অত্যন্ত সম্ভাবনাময় মনে হয়েছে। সে লম্বা এবং জোরে বল করে, তাই এটি একটি চমৎকার কম্বিনেশন। আমাদের সবার জন্যই তাকে সামলানো বেশ কঠিন হবে।’
অজি কাপ্তান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে খেলার চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে নিজেদের উপর পূর্ণ আস্থার কথা জানান, ‘আমি মনে করি বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল। অবশ্যই তারা নিজেদের ঘরের মাঠে খেলবে। আমাদের অনেকেরই এর আগে এখানে আসার অভিজ্ঞতা নেই, তবে আমি মনে করি আমাদের যা আছে তা হলো নিজেদের ওপর অগাধ বিশ্বাস। আমার মনে হয় এটি একটি সত্যিই ভালো সিরিজ হতে যাচ্ছে।’

