প্রথম সেশনে উদ্বোধনী জুটি ভাঙার স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে গেলেও দ্বিতীয় সেশন কাটল হতাশাজনক। বাংলাদেশ নিতে পেরেছে কেবল একটি উইকেট। অন্যদিকে ওপেনার আব্দুল মালিক আর অধিনায়ক রহমত শাহর জুটিতে ভালো অবস্থানে চলে গেছে আফগানিস্তান।
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান। ৯৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন মালিক-রহমত। মালিক ১১৮ বলে ৬০ আর রহমত ৭৭ বলে ৩৩ রান নিয়ে ক্রিজে আছেন।
১ উইকেটে ৩৪ রান নিয়ে শুরুর পর দ্বিতীয় সেশনের শুরুটা সতর্ক পথে হাঁটে আফগানিস্তান। থিতু হওয়া শহিদুল্লাহ কামালকে ২১তম ওভারে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন ইবাদত হোসেন। গোটা সেশনের সাফল্য বলতে ওই একটাই। বাকি সময়ে খুব একটা সংকটে ফেলা যায়নি ব্যাটারদের। উইকেটেও আহামরি কোনো সহযোগিতা মিলছিল না, ফলে জুটি বড় হচ্ছিল আফগানদের।
সকালের সেশনে বাংলাদেশ আগের দিনের শেষ দুই উইকেট হারিয়ে ৩৪৬ রানে অলআউট হয়। পরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের ওপেনাররা ছিলেন ভাগ্যবান। রিভিউ নিয়ে তালগোল পাকানোয় উইকেট পেতে দেরি হয়। তবে প্রথম সেশনে উদ্বোধনী জুটি ভাঙা গিয়েছিল।
হাতে ৮ উইকেট নিয়ে ২১৫ রানে পিছিয়ে আছে আফগানিস্তান। দিনের শেষ সেশনে বাংলাদেশের বোলাররা জেগে না উঠলে লিড নেওয়ার প্রবল সম্ভাবনা জাগিয়ে ফেলবেন রহমত শাহরা।

