বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গভীর সমুদ্র থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃত পাঁচ জেলে হলেন—নুর আলম (৪০), কাওসার (৩০), ইব্রাহিম মাঝি (২৮), সাইকুল (৩০) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার গহরপুর, হাড়িটানা ও বাদুরতলা এলাকায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম এবং বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, ‘নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় সাগর থেকে মরদেহগুলো তীরে আনা হচ্ছে।’

পাথরঘাটায় পৌঁছাতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।

অন্যদিকে ওসি আবদুল আলীম বলেন, ‘আমরা নদীর তীরে মরদেহের জন্য অপেক্ষা করছি। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রলারের মালিক ও মাঝি মো. বাদল মোল্লা জানান, গত ২১ আগস্ট দুপুর ১টার দিকে পাথরঘাটা থেকে এফবি বরকত ট্রলারটি ১৩ জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। পরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।

এ সময় আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন পাঁচজন। পরে তাদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি উদ্ধারকারী ট্রলার আজ সকালে গভীর সমুদ্রে পাঠানো হয়।

Related Articles

Latest Posts