ফেনী ও কুমিল্লা সীমান্তে শিশুসহ ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা বিজিবির

ফেনীর পরশুরাম ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে শিশুসহ আটজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার বিকেল ৩টার দিকে পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্ত দিয়ে এ পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। 

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কেতরাংগা সীমান্ত এলাকা দিয়ে এক নারী ও তিন শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে কেতরাংগা বিওপির একটি নিয়মিত টহল দল বিকেল সাড়ে ৩টার দিকে শূন্যরেখার (জিরোলাইন) কাছে তাদের অবস্থান শনাক্ত করে। পরে বিজিবি টহল দলের তৎপরতায় ওই চেষ্টা প্রতিহত করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটা নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’

আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তের শূন্যরেখা এলাকায় বিএসএফ এ পুশ-ইনের চেষ্টা করে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে এক নারী ও তিন শিশুসহ চারজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে এবং পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে।

লেফটেন্যান্ট কর্নেল শরিফুল বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

Related Articles

Latest Posts