গত এক বছর সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। একের পর এক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। চলতি বছরের আলোচিত দুই সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টারে’ দেখা গেছে তাকে। এই দুই সিনেমার পর তিনি আসছেন ওটিটি প্ল্যাটফর্মে।
আজ বৃহস্পতিবার স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ফিকশন ‘ফাইসা গেছি’। এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।
নতুন কাজ নিয়ে সাবিলা নূর বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন কোনো মিল না থাকে। বনলতা এক্সপ্রেস ও রকস্টার-এর পর ফাইসা গেছি আমার জন্য একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা। কমেডি ঘরানার এই গল্পে কাজ করে দারুণ লেগেছে। আশা করি দর্শক কাজটি উপভোগ করবেন।’
একজন রাইড শেয়ারিং চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনা নিয়ে এই ফিকশনের গল্প এগিয়েছে। একজন চালকের নানা ধরনের মানুষের মুখোমুখি হওয়া এবং এর মাধ্যমে সুযোগ ও অপরাধের উপলব্ধি নিয়ে এটি তৈরি হয়েছে।
সাবিলা নূরের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন দিব্য জ্যোতিসহ অনেকেই।

