পাবনা সদর উপজেলায় নিখোঁজ হওয়ার সাত দিন পর ১০ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম কামরুননাহার কলি (১০)। সে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দুগাই কুলুনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কলি শ্রীপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আজ সকালে স্থানীয় লোকজন কলিদের বাড়ির পাশের একটি পুকুরে একটি বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বস্তা খুলে শিশুটির গলিত লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, শিশুটিকে হত্যা করে লাশ বস্তায় ভরে পুকুরে ফেলা হয়। তবে মরদেহ পচে গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তাকে হত্যা করা হয়েছে, ময়নাতদন্তে তা জানা যাবে।
নিহত শিশুর বাবা কামাল প্রামাণিক বলেন, ‘মেয়েটা নিখোঁজ হওয়ার পর থেকে এক সপ্তাহ ধরে আমরা হন্যে হয়ে খুঁজেছি। যারা আমার মেয়েকে হত্যা করেছে, আমি তাদের কঠোর শাস্তি চাই।’
ওসি তরিকুল ইসলাম বলেন, হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

