আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ওয়াসা)।
শনিবার ওয়াসার বোর্ড সভায় সংস্থাটির বাণিজ্যিক বিভাগ এ প্রস্তাব উপস্থাপন করে।
তবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম মো. জানে আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে প্রস্তাবটি পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বাণিজ্যিক বিভাগের প্রস্তাবের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ওয়াসার বিধিমালা অনুযায়ী, প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত পানির দাম সমন্বয় করা যায়। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে পানির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আমাদের মাসিক ব্যয় ২ কোটি টাকা বেড়েছে।
তিনি আরও বলেন, সভায় তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি। নবগঠিত কমিটি সাধারণ গ্রাহক, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশাজীবী এবং ভোক্তা অধিকারকর্মীদের সঙ্গে মতবিনিময় করে তাদের মতামত নেবে। পরে কমিটির সুপারিশ অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রামে আবাসিক গ্রাহকেরা প্রতি ১ হাজার লিটার পানির জন্য ১৮ টাকা ও বাণিজ্যিক গ্রাহকেরা একই পরিমাণ পানির জন্য ৩৭ টাকা পরিশোধ করেন।

