পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি।
সংবাদমাধ্যমটি জানায়, বুধবার সকাল ৭টার দিকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য ওয়ার্ডের তৃতীয় তলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
গত কয়েক বছরে হাসপাতালে ঘটা অন্যতম বড় দুর্ঘটনা এটি। পাকিস্তানে সরকারি স্বাস্থ্যসেবায় ভর্তুকি থাকলেও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং অতিরিক্ত রোগীর চাপ নিত্যসঙ্গী। সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকে বিভিন্ন তদারকি সংস্থা।
জিও টিভি তাদের প্রতিবেদনে বলেছে, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ওয়ার্ডটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং হাসপাতালের বাইরে সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে।
পিআইএমএস ইসলামাবাদের অন্যতম প্রধান একটি সরকারি হাসপাতাল। গত সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও এই হাসপাতালেই চিকিৎসা নিয়েছিলেন।

