পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পূর্বপরিকল্পিত দাবি পরিবারের

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট করিম মন্ডলের মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. জজ আলী বিশ্বাস (৩৫) উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জজ মিয়াকে গতরাতে কসবমাজাইল ইউনিয়নের আরিফ মাদকের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে স’ মিলের মোটর চুরির অপবাদ দিয়ে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যায়।’

স্থানীয়রা জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ জানুয়ারি জজ আলীর চাচা মো. জামিন বিশ্বাসকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

নিহতের পিতা শুরাই বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের করা মামলার প্রধান আসামি আকমল হোসেন টিক্কা ও অন্যান্যরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিল। তারা জামিনে এসে এবার আমার ছেলেকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে।’

নিহতের স্ত্রী ববিতা বেগম (২৫) বলেন, ‘রাতে আমার স্বামী বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায়। সাড়ে ৩টার দিকে কসবমাজাইল ইউনিয়নের আরিফ তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। সকালে জানতে পারি তাকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।’

জানতে চাইলে ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘চোর সন্দেহে এক যুবককে পেটানোর খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Latest Posts