পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় এমন নাটক বানাতে চেয়েছি: মোস্তফা কামাল রাজ

হালের সুপরিচিত নাট্যপরিচালক ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’—এ সময়ের অন্যতম দর্শকপ্রিয় ও আলোচিত একটি ধারাবাহিক নাটক। নাটকটি প্রচার হচ্ছে চ্যানেল আইতে এবং ইউটিউবে।

মোস্তফা কামাল রাজের এই নাটকের মধ্যে দিয়ে অনেকদিন পর পারিবারিক গল্পের নাটক প্রচার হচ্ছে, যা দর্শকদের ছুঁয়ে গেছে। যারা অভিনয় করেছেন, তারাও খুব প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে ফুপুর চরিত্রে অভিনয় করে দীপা খন্দকার তুমুল সাড়া পাচ্ছেন। মনিরা মিঠু মায়ের চরিত্রে অভিনয় করে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন।

এটা আমাদেরই গল্প নাটকে অভিনয় করে আরও বেশ কয়েকজন শিল্পী প্রশংসিত হচ্ছেন।

মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রথম সিনেমা প্রজাপতি। এই সিনেমায় জাহিদ হাসান, মোশাররফ করিম ও মৌসুমী অভিনয় করেন।

সাম্প্রতিক কাজগুলো নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

দ্য ডেইলি স্টার: আপনার পরিচালিত এটা আমাদেরই গল্প ধারাবাহিকটি এতটা জনপ্রিয়তা পাবে, তা কি ভাবনায় ছিল?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: সত্যি কথা বলতে, আমি যখন কাজটি শুরু করি, তখন ভালো কিছু করার ইচ্ছে ছিল। কিন্তু, এতটা ভালোবাসা পাব, এতটা গ্রহণ করবেন দর্শকরা, তা কল্পনাও করিনি। দর্শকরা যেভাবে নিজেদের গল্পের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন, সেটিই নাটকটিকে এত দূর নিয়ে এসেছে। এজন্য, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

দ্য ডেইলি স্টার: এটা আমাদেরই গল্প নাটকটিকে দর্শকরা আপন করে নিয়েছেন। এই নাটকটি সবাই এত পছন্দ করার কারণ কী?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: আমার মনে হয়, গল্পের সরলতা এবং বাস্তবতাই বড় কারণ। এই নাটকে কোনো বাড়াবাড়ি নেই। বরং, আমাদের চারপাশের পরিচিত মানুষ, সম্পর্ক আর আবেগগুলো নাটকে উঠে এসেছে। যা কিনা দর্শকদের মনে খুব সহজেই জায়গা করে নিয়েছে।

দ্য ডেইলি স্টার: এদেশে একসময় পারিবারিক গল্পের নাটকের জয় জয়কার ছিল, কিন্তু এখন কমে গেছে। তারপরও আপনি কেন পারিবারিক গল্পের নাটক নিয়ে কাজ করেছেন?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: পারিবারিক গল্প আমাদের জীবনের খুব কাছের। এখনকার সময়ে এই ধরনের গল্প কিছুটা কম দেখা যায়। অথচ, দর্শকরা এখনো এমন গল্পের জন্য অপেক্ষা করেন। আমি চেয়েছি এমন কিছু করতে, যা পুরো পরিবার একসঙ্গে বসে উপভোগ করা যায়। সেই চিন্তা করেই পারিবারিক গল্প বেছে নিয়েছি।

দ্য ডেইলি স্টার: অনেকদিন পর আপনার পরিচালিত এটা আমাদেরই গল্প নাটক নিয়ে সবখানে আলোচনা হচ্ছে, পরিচালক হিসেবে কেমন অনুভূতি কাজ করছে?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: এটা সত্যিই খুব ভালো লাগার একটা অনুভূতি। যখন দর্শকরা কাজটিকে নিজের মতো করে গ্রহণ করেন, তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে। সেই সঙ্গে আরো ভালো কাজ করার দায়িত্ব বাড়িয়ে দেয়।

দ্য ডেইলি স্টার: এই নাটকের সিজন টু হবে কী?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: সিজন টু হবে না, তবে নতুন কিছু আসবে। তবে, গল্পটা যেন আগের মতোই সুন্দর ও অর্থবহ থাকে। তা নিশ্চিত করেই পরবর্তী সিদ্ধান্ত নেব।

দ্য ডেইলি স্টার: যেসব অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করছেন, তাদের সম্পর্কে বলুন?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের প্রতিটি শিল্পী নিজের জায়গা থেকে অসাধারণ কাজ করেছেন। তাদের আন্তরিকতা আর পরিশ্রমই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে। টিমওয়ার্ক এতটা ভালো ছিল বলেই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি।

দ্য ডেইলি স্টার: পরিচালক হিসেবে আপনার বড় প্রাপ্তি কী?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে দর্শকদের ভালোবাসা। সেই সঙ্গে ইউটিউবে দর্শকদের কমেন্টস। যখন মানুষ কমেন্টস করে, তারা গল্পটাকে অনুভব করে, নিজেদের জীবনের সঙ্গে মিল পেয়েছেন—এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। দর্শকদের জন্য ভালোবাসা।

সত্যি কথা বলতে, আগামী মাসে নাটকটির প্রচার শেষ হয়ে যাবে। দীর্ঘ দিন আমরা যারা নাটকের সঙ্গে ছিলাম, একসঙ্গে কাজ করেছি, এটা একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল, তাই শেষটা একটু আবেগের।

Related Articles

Latest Posts