পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল, জাতিসংঘ-দিল্লি-লন্ডন মিশনে পরিবর্তন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিককে দেশের ভেতরে ও বাইরে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে একাধিক মন্ত্রণালয় সূত্র।

সূত্রগুলো বলছে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীকে পরবর্তী পররাষ্ট্রসচিব করার বিষয়টি আলোচনায় রয়েছে। তিনি বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হতে পারেন।

অন্যদিকে আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলেও জানিয়েছে সূত্রগুলো।

বর্তমানে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হতে পারে।

অন্যদিকে, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

ফরেন সার্ভিস একাডেমির বর্তমান রেক্টর মোহাম্মদ আবদুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

এদিকে, মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত আইরিন খানকে জাতিসংঘে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদের সেপ্টেম্বরের অধিবেশনের আগে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন।

আইরিন খান দায়িত্ব নিলে সালাহউদ্দিন নোমানের স্থলাভিষিক্ত হবেন। এর মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক নেতৃত্বে বড় ধরনের পুনর্বিন্যাস হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Related Articles

Latest Posts