‘নীল সুখ’ সিরিজে অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী।
ভিকি জাহেদ পরিচালিত বিঞ্জের এই সিরিজটির গল্প আবর্তিত হয়েছে অর্পা (মেহজাবীন চৌধুরী) ও মারুফের (ফাররুখ আহমেদ রেহান) তীব্র প্রেমকে ঘিরে। রোমান্স ও হৃদয়ভাঙার গল্পের সঙ্গে এতে রয়েছে অস্বস্তিকর মনস্তাত্ত্বিক আবহ।
নিজের এ পুরস্কার পরিচালক ভিকি জাহেদকে উৎসর্গ করেন মেহজাবীন।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন মেহজাবীন। এরপর টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’। এ ছাড়া জনপ্রিয় নাটক ও ওয়েব প্রযোজনার মধ্যে রয়েছে ‘পুনর্জন্ম’, ‘সাবরিনা’, ‘বড় ছেলে’, ‘জন্মদাগ’, ‘চিরকাল আজ’ ও ‘ইউ টার্ন’। ‘রেডরাম’-এ অভিনয়ের জন্যও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন মেহজাবীন।

