আকা সিরিজে দারুণ অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন আফরান নিশো।
ভিকি জাহেদ পরিচালিত সাত পর্বের হইচই অরিজিনাল সিরিজটি মনস্তাত্ত্বিক ও সামাজিক থ্রিলারধর্মী। এর কেন্দ্রীয় চরিত্র আজাদ, যার আরেক নাম ‘আকা’। শৈশবে পরিবারের মধ্যে ঘটে যাওয়া একটি সহিংস ঘটনার ভয়াবহ প্রত্যক্ষ অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এতে সে একাকী হয়ে পড়ে এবং সমাজের অন্যদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হিমশিম খায়।
সিরিজটিতে জটিল এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশো। চরিত্রটি সংগীতের প্রতি আকৃষ্ট এবং লেখালেখিতে প্রতিভাবান হলেও তার মধ্যে সহিংস হয়ে ওঠার প্রবণতা রয়েছে। মানুষের মুখের বদলে পশুর মুখ দেখতে পাওয়ার মধ্য দিয়েও তার মানসিক অস্থিরতা ফুটিয়ে তোলা হয়েছে। সিরিজটিতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।
‘আকা’ সিরিজ দিয়ে আবারও একসঙ্গে কাজ করেছেন নিশো ও ভিকি জাহেদ। এর আগে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘দ্বিতীয় সূচনা’, ‘চম্পা হাউস’ ও ‘চিরকাল আজ’সহ বেশ কয়েকটি প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন দুজন।
বছরের পর বছর টেলিভিশন, ওটিটি ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন নিশো। তার উল্লেখযোগ্য ওটিটি কাজের মধ্যে রয়েছে ‘কাইজার’ ও ‘সিন্ডিকেট’।
২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০২৫ সালে শিহাব শাহীনের ‘দাগী’ সিনেমায় অভিনয় করেন তিনি।

