নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নেত্রকোণার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, উচ্চ আদালতের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামিরা আজ আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের আগে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা দিতে ১৯ মে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম শুরু হয়। সেখানে বিএনপি ও জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

নিলাম চলাকালে আগিয়া বাজারের ইজারা নিয়ে দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আগিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহফুজুর রহমান ও জামায়াত কর্মী এবাদুল ইসলামসহ কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের বাইরেও দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করে প্রশাসন।

ওই দিন বিকেলে হাট ইজারার বিরোধের জেরে জামায়াত নেতারা আগিয়া বাজারে যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা চালান এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে ওইদিন সন্ধ্যায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছিলেন।

ঘটনার পরদিন রাতে শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন।

Related Articles

Latest Posts