গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে সোমবার পর্দা উঠছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরের। আর এবারের আসরে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। টানা দুইবারের চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের সামনে এবার হাতছানি দিচ্ছে হ্যাটট্রিক শিরোপা।
উদ্বোধনী দিনে মাঠে নামবে নেপাল ও ভুটান। পরে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে মালদ্বীপের। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের অভিযান শুরু হবে ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩১ মে ভারতের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।
এবারের আসর বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক এএফসি নারী এশিয়ান কাপ অংশগ্রহণের কারণে। শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স করে দুই দলই প্রশংসা কুড়িয়েছে। যদিও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি বাংলাদেশ।
অন্যদিকে, নারী এশিয়ান কাপে জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নেপাল। পাকিস্তান এবারের আসরে না থাকলেও মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কার মতো উদীয়মান দলগুলোও আঞ্চলিক শক্তিগুলোর চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।
টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ শিবিরে এসেছে নেতৃত্বের চমক। তরুণ আফঈদা খন্দকারের বদলে অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দার হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্ব।
রোববার অফিসিয়াল সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘গত দুই আসরে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখানে প্রতিটি দলই শক্তিশালী, তাই চাপ অবশ্যই থাকবে। এটি নতুন আসর, নতুন চ্যালেঞ্জও থাকবে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই এবং ম্যাচ ধরে এগোতে চাই।’
বাংলাদেশ দলকে থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্প করিয়ে গোয়ায় নিয়ে এসেছেন কোচ পিটার বাটলার। সেখানে স্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে দল। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইংলিশ কোচও আত্মবিশ্বাসী শিরোপা ধরে রাখার ব্যাপারে।
বাটলার বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা এখানে এসেছি শিরোপা রক্ষা করার লক্ষ্য নিয়েই।’
নারী এশিয়ান কাপে তিন ম্যাচেই হারলেও সেটিকে ব্যর্থতা হিসেবে দেখছেন না বাটলার। বরং সেটিকে তিনি মূল্যবান অভিজ্ঞতা বলেই মনে করেন।
বাংলাদেশ কোচের ভাষায়, ‘আমি মোটেও এটিকে হতাশাজনক মনে করি না। আমার মনে হয়েছে আমরা বিশ্বাসযোগ্য পারফরম্যান্স করেছি। খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ ছিল এটি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা গোয়ায় ইতিহাস গড়তে চাই।’
স্বাগতিক ভারতের কোচ ক্রিসপিন ছেত্রীও জানিয়েছেন, এই টুর্নামেন্ট তাদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। নারী এশিয়ান কাপকে সামনে রেখেই দল গড়ে তুলতে চাইছে ভারত।
তিনি বলেন, ‘স্বাগতিক হিসেবে অবশ্যই আপনি শিরোপা জিততে চাইবেন। তবে আমাদের মূল লক্ষ্য হলো দেশ হিসেবে কতটা এগোতে পারছি এবং এশিয়ান কাপের জন্য নিজেদের প্রস্তুত করা। আমাদের সেই প্রস্তুতি শুরু হচ্ছে এখন থেকেই।’
অন্যদিকে ছয়বার রানার্সআপ হওয়া নেপাল এবার আর হতাশা নিয়ে ফিরতে চায় না। কোচ নবীন নিউপানে স্পষ্ট করেই জানিয়েছেন, এবার তাদের একমাত্র লক্ষ্য শিরোপা।
নেপাল কোচ বলেন, ‘আমরা অনেক ফাইনাল হেরেছি। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা এই শিরোপা জিততেই এখানে এসেছি।’

