নিরাপত্তা শঙ্কায় কলকাতার মেসি মূর্তি অপসারণের সিদ্ধান্ত

লিওনেল মেসিকে ঘিরে ভারতের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ানো বিশাল এক মূর্তিই এখন হয়ে উঠেছে নিরাপত্তা ঝুঁকির কারণ। বাতাসে দুলতে শুরু করায় কলকাতায় স্থাপন করা মেসির ২১ মিটার উঁচু মূর্তিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বুধবার শহরের ব্যস্ত এক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোনালি রঙের মূর্তিটিতে কর্মীদের উঠে দড়ি বেঁধে সেটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে দেখা যায়। ভাস্কর্যটিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

গত ডিসেম্বরে মেসির তথাকথিত ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ উপলক্ষে মূর্তিটি উন্মোচন করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি এএফপিকে বলেন, ‘কলকাতায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মূর্তিটিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন। আমরা লক্ষ্য করেছি, বাতাসে মূর্তিটি দুলছে।’

বর্তমানে সেটি অপসারণের পরিকল্পনা করা হলেও কাজটি মোটেও সহজ হচ্ছে না বলে জানান মুখার্জি, ‘মূর্তিটি সরানো যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। যত দ্রুত সম্ভব এটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।’ তবে মূর্তিটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। যদিও মেসি এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, তবু ধারণা করা হচ্ছে তিনি টুর্নামেন্টে ফিরবেন। সেটি হলে বিশ্বকাপে তার এটি হবে রেকর্ড ছোঁয়া ষষ্ঠ অংশগ্রহণ। কাতারে চার বছর আগে জেতা শিরোপা রক্ষার মিশনে এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা মেসিই।

১ দশমিক ৪ বিলিয়ন মানুষের দেশ ভারত ক্রিকেটে বিশ্বশক্তি হলেও ফুটবলে তাদের অবস্থান অনেক পিছিয়ে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ১৪২তম। তবুও ফুটবল যে দেশটির দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় খেলা, সেটি উঠে এসেছে বুধবার প্রকাশিত ডেটা প্রতিষ্ঠান নিলসেনের এক গবেষণায়।

 

Related Articles

Latest Posts