নরসিংদীর রায়পুরায় চোর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরেকজন।
নিহত হৃদয় মিয়া (৩০) ও আহত কামাল মিয়া (৩৫) নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার দানু মিয়া ও মধু মিয়ার ছেলে।
সোমবার ভোরের দিকে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়ামারা এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে চুরি করতে যান ৪ জন। এ সময় হৃদয় ও কামাল বাড়ির ভেতরের একটি কক্ষে ও অন্য দুই সদস্য বাড়ির বাইরে অবস্থান নেন।
বাড়ির সদস্যরা টের পেয়ে ভেতরের দুজনকে আটকে ফেললে স্থানীয়রা জড়ো হয়ে পিটুনি দেন। ভোরের দিকে দুজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, ‘সকালে ট্রলিতে করে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই হৃদয় মিয়া মারা যান। পরে তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
ওসি মুজিবুর রহমান বলেন, ‘গতরাতে চুরি করার সময় স্থানীয়দের মারধরে দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এক বছর আগে গ্রেপ্তারের পর কারাগারে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে ছিলেন হৃদয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

