নয়াপল্টনে এসি মেরামত দোকানে বিস্ফোরণ, তরুণের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের একটি দোকানে বিস্ফোরণে জীবন বর্মন (২৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

আহত জীবন বর্মনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোকান মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনে ভবনের নিচতলায় ফ্রিজ-এসি মেরামতের দোকান তার। কয়েকজন কর্মচারী মিলে ওই ভবনের দ্বিতীয় তলায় থাকতেন।

জীবন কয়েক দিন আগে দোকানে কাজ নেন। আজ সকালে জীবন একাই দোকানে ছিলেন। হঠাৎ কম্প্রেসার থেকে বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জীবনের চাচাতো ভাই অনিক বর্মন জানান, তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামে। বাবার নাম সচিন্দ্র বর্মন। নয়াপল্টনে একটি দোকানে কয়েক দিন আগে কাজ নেন তার ভাই। সেখানে থাকতেন। সকালে বিস্ফোরণে আহত হন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।

Related Articles

Latest Posts