১৫ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকায় ফেরেন।
নিরাপদ সড়ক চাই প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল সোমবার দেশে ফিরে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন ভাই তার জন্য দোয়া চেয়েছেন। এর বেশি আর কিছু তিনি বলতে পারেননি। তারপর নিজের গুলশানের বাসায় গেছেন। বাসায় বিশ্রাম নিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছেন। আগামী ১২ আগস্ট লন্ডনে ফিরে যাবেন তিনি।’
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চলছে তার চিকিৎসা।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেননি।
লিটন এরশাদ বলেন, ‘দেড় বছরের বেশি সময় ধরে এক নাগাড়ে দেশে বাইরে থাকায় কাঞ্চন ভাই কিছুটা অস্থির হয়ে উঠেছিলেন। এখানে পরিবার ও নিরাপদ সড়ক চাই-এর মানুষদের সঙ্গে দেখা করে তিনি আবার ফিরে যাবেন।’
‘তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। অবস্থার উন্নতিও খুব একটা নেই। তৃতীয় ধাপের থেরাপি গত ৩০ জুলাই শেষ হয়েছে। এরপর আবার চিকিৎসা শুরু হবে। তার আগে দেশে কিছুদিন সময় কাটাতে চেয়েছেন তিনি,’ বলেন লিটন এরশাদ।
তিনি আরও বলেন, ‘আমাদের সবার প্রিয় কাঞ্চন ভাই ধীরে ধীরে কথা বলতে পারেন। তবে তার কথায় কিছুটা জড়তা রয়েছে। অনেক সময় কয়েক মিনিট কথা বলার পর তিনি পুরো বাক্য শেষ করতে পারেন না। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।’

