ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া তিন বাংলা সিনেমা ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’ দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে।
ঈদের সিনেমাগুলোর মধ্যে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘রকস্টার’ গত শুক্রবার থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কয়ারক্রো।
পরিচালক আজমান রুশোর ‘রকস্টার’ এক সংগীতশিল্পীর জীবন, সাফল্য ও ব্যক্তিগত টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা।
অন্যদিকে, পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ গত ৫ জুন অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে মুক্তি পেয়েছে। পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরার দর্শকরাও ছবিটি দেখতে পারবেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটি পরিবেশন করছে স্ক্রিন এক্সকোপ ও দেশি ইভেন্টস।
গ্রামীণ জীবন ও লোকজ বাস্তবতার পটভূমিতে নির্মিত ‘রইদ’-এর কেন্দ্রীয় চরিত্র সাধু নামের এক যুবক। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা এই যুবক একসময় স্ত্রীর আচরণে অতিষ্ঠ হয়ে তাকে দূরে কোথাও ফেলে আসার চেষ্টা করে। কিন্তু রহস্যজনকভাবে স্ত্রী বারবার বাড়ির পথ খুঁজে ফিরে আসে। মানবিক সম্পর্ক, অপরাধবোধ, দায়িত্ববোধ ও ভালোবাসার অনন্য গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
ঈদের তৃতীয় সিনেমা ‘মালিক’ আগামী ১৩ ও ১৪ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাংকসটাউনে প্রদর্শিত হবে। পরিচালক সাইফ চন্দন নির্মিত সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী উপলক্ষে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ছবির নায়ক আরিফিন শুভ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
দেশীয় প্রেক্ষাগৃহে ঈদের দর্শক টানার পাশাপাশি এসব সিনেমা আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতি জোরালো করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

