দুই ম্যাচে ৩৬ লাখ রুপি জরিমানা গুনলেন শ্রেয়াস

আইপিএল সময়মতো ওভার শেষ করতে না পেরে বড় অংকের জরিমানার কবলে পড়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এবারের টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ খেলেই স্লো ওভার-রেটের দায়ে মোট ৩৬ লাখ রুপি জরিমানা গুনতে হলো তাকে।

গত ৩১ মার্চ নিউ চণ্ডীগড়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাবের প্রথম অপরাধের জন্য আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই ৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে পুনরায় একই ভুল করে বসেন তিনি। আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার-রেটের দায়ে অভিযুক্ত হওয়ায় এবার শাস্তির মাত্রা দ্বিগুণ হয়ে ২৪ লাখ রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে আইয়ারের পকেট থেকে যাচ্ছে ৩৬ লাখ রুপি।

আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ২০তম ওভার শুরু করতে ব্যর্থ হওয়ায় এই কঠোর শাস্তির মুখে পড়েছেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে কেবল অধিনায়ক নন, দলের বাকি সদস্যদেরও (ইমপ্যাক্ট প্লেয়ারসহ) ম্যাচ ফির ২৫ শতাংশ অথবা ৬ লাখ রুপি (যেটি কম) জরিমানা করা হয়েছে। মাঠের শাস্তিস্বরূপ শেষ দুই ওভারে বৃত্তের বাইরে মাত্র ৪ জন ফিল্ডার নিয়ে বল করতে বাধ্য হয় পাঞ্জাব কিংস।

অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার অভিষেক শর্মাও জরিমানার হাত থেকে রেহাই পাননি। ২ এপ্রিল কলকাতার বিপক্ষে আউট হওয়ার পর অশোভন অঙ্গভঙ্গি ও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

পাঞ্জাব কিংসের জন্য উদ্বেগের বিষয় হলো, বোলারদের অতিরিক্ত ‘ওয়াইড’ ও ‘নো-বল’ করার প্রবণতা ইনিংসকে দীর্ঘায়িত করছে। গুজরাটের বিপক্ষে তারা ১১টি ওয়াইডসহ মোট ১৪টি অতিরিক্ত রান দিয়েছিল, যা সময়ক্ষেপণের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। সামনে এমন ভুল অব্যাহত থাকলে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসতে পারে।

 

Related Articles

Latest Posts