সুনাল দিনুশা নিজের নামটা বিশ্ব ক্রিকেটে জানান দিলেন দারুণভাবে। প্রথম ইনিংসে ঠিক আগের দিন দলের বিপর্যয়ে সেঞ্চুরি করেছিলেন। তবে তারপরও ফলোঅন এড়াতে পারেনি শ্রীলঙ্কা। এবার চরম প্রতিকূল অবস্থায় নেমে অসাধারণ বীরত্বপূর্ণ আরেক ইনিংস খেললেন তিনি। পঞ্চম দিনের উইকেটে ভারতীয় বোলারদের হতাশায় পুড়িয়ে জোড়া সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়েছেন পঞ্চম টেস্ট খেলতে নামা বাঁহাতি ব্যাটার।
কলম্বো টেস্টের পঞ্চম দিনে হাতে শেষ চার উইকেট নিয়ে নেমেও অলআউট হয়নি শ্রীলঙ্কা। দিনের শেষ ঘণ্টায় গিয়ে ৯ উইকেটে ৪২৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
ফলোঅনে পড়ে ততক্ষণে ২১৬ রানের লিড নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। তখন দিনের খেলার বাকি আর ১৫ ওভার। ওই সময়ের ভেতর ফল বের করা অসম্ভব জেনে আর খেলা চালানোর দরকার মনে করেনি দুই দল।
প্রথম ইনিংসে ১০৩ রান করা দিনুশা দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১৩৩ রানে। এছাড়া টপ অর্ডারে পাসিন্দু সুরিয়াবান্দারা আগের দিন করেছিলেন ৯২ রান, কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিনে দিনুশার সঙ্গে অসামান্য ৫৭ রানের জুটিতে সঙ্গ দেওয়া কেশরা নুয়ানিতা করেন ৪৬ রান। লাহিরু কুমারা ৫৮ রানের জুটিতে সঙ্গ দেন দিনুশাকে, ৫৮ বল সামলে করেন ২ রান।
প্রথম ইনিংসে ভারতের ৫০৩ রানের জবাবে ২৯০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে ফলোঅন করানো থেকে দূরে থাকে দলগুলো। কিন্তু ভারত এবার ফলোঅন করিয়ে আবার লঙ্কানদের ব্যাট করতে দিয়ে ফল বের করতে পারেনি।
বরং লম্বা স্পেলে ক্লান্ত হয়ে পড়েন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, রবীন্দ্র জাদেজারা।
এই টেস্ট ড্র হলেও গল টেস্টে বড় জয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে এই ম্যাচ জিততে না পারা তাদের আগামীতে ভোগাবে।

