বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকোর সঙ্গে বিপর্যস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। হার, লাল কার্ড, নিষেধাজ্ঞার ধাক্কা মিলিয়ে শুরুতেই কোণঠাসা অবস্থা হয় তাদের। তবে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করার পর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেই দলটি গড়ল ইতিহাস, প্রথমবার বিশ্বকাপের নকআউটে পা রাখল তারা। অন্য দিকে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া সুযোগ হাতছাড়া করে থাকল অপেক্ষায়।
মন্তেরেইতে বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১-০ গোলে। ৬৩ মিনিটে দলের হয়ে একমাত্র গোল করেন থাপেলো মাসেকো। এই জয়ের পর দ্বিতীয় হয়ে নকআউট পর্বে পা রাখল আফ্রিকার দেশ। স্বাগতিক মেক্সিকো আগেই গ্রুপসেরা হয়ে গিয়েছিল। নিজেদের শেষ ম্যাচেও তারা পেয়েছে বড় জয়। চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।
তিন ম্যাচে এক জয় আর দুই হারে তিন পয়েন্ট থাকা দক্ষিণ কোরিয়া সমীকরণে টুর্নামেন্টে টিকে আছে। আটটি সেরা তৃতীয় দলের একটি হওয়ার সুযোগ আছে তাদের। সেজন্য অবশ্য অন্য গ্রুপের ম্যাচগুলো শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। চেক প্রজাতন্ত্রের অপেক্ষার কিছু নেই। মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল ইউরোপের এই দেশটি।
ম্যাচে দুই দলই খেলেছে সমান তালে। আক্রমণ, পাল্টা আক্রমণে দেখা গেছে তীব্রতা। প্রথমার্ধে ডেডলক ভাঙ্গতে পারেনি কেউ। বিরতির পর আরও ক্ষুরধার হয়ে নেমে দক্ষিণ আফ্রিকা করে বাজিমাত।
৬৩ মিনিটে শেপাং মোরেমির পাস থেকে বল পান থাপেলো মাসেকো; এরপর ভেতরে কেটে ঢুকে ১৫ গজ দূর থেকে নিখুঁত শটে বল জড়িয়ে দেন ডানদিকের নিচের কোণায়। এই গোল ধরেই জয় পায় তারা।
শেষ দিকে দক্ষিণ কোরিয়ার অনেকগুলো চেষ্টা হয় ব্যর্থ। শেষ বাঁশি বাজতে উল্লাসে ফেটে পড়ে আফ্রিকার দল।

