ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনব্যাপী ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন।

তিনি আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন ।

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য বাছাই করা হয়েছে।

বাৎসরিক এই সম্মেলনে মাঠ প্রশাসন পরিচালনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের নীতি নির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাব দেন ডিসিরা। আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত দেয় সরকার।

ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রী-প্রতিমন্ত্রিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ জ্যেষ্ঠ অফিসাররা উপস্থিত থাকেন। পদাধিকার বলে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সংকট, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গুরুত্ব পাবে।

সম্মেলনের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের ৫৬টি নীতি-নির্ধারক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

Related Articles

Latest Posts